শুভেচ্ছা বৈঠকে বিটিআরসি-বিআইজিএফ চেয়ারম্যান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)-এর চেয়ারপার্সন হাসানুল হক ইনু ।
শুভেচ্ছা বৈঠকে বিআইজিএফ ছাড়াও টেকসই ইন্টারনেট গভর্নেন্স ব্যবস্থাপনা উন্নয়নে নিজ নিজ প্রতিষ্ঠানের তরফ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন দুই চেয়ারম্যানই। এসময় আগামী এক বছরের একটি কর্মপরিকল্পনায় ইন্টারনেট সাক্ষরতা, সামিট অফ দ্য ফিউচার, গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট, ডট বাংলা এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরামের জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সভা সমূহে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ করেন বিটিআরসি চেয়ারম্যান।

প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, ইন্টারনেট গভর্নেন্সের ব্যবস্থাপনা উন্নয়নে ২০০৯ সাল থেকে বিটিআরসি সব রকম সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিআইজিএফ নির্বাহী কমিটির ভাইস চেয়ারপার্সন এএইচএম বজলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
দেশের ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নে সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানক এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।







